
ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ সদর উপজেলার কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১০:৩০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব এস এম ফয়েজ উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) মোহাম্মদ মাহবুব আলম।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সদর উপজেলার টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এবং গ্রামীণ ও শহর অঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়াতে কোর রোড নেটওয়ার্ক (CRN) আধুনিকায়ন অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এই সড়ক নেটওয়ার্ক চূড়ান্ত করা হলে তা ভবিষ্যতের যানজট নিরসন এবং পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।কর্মশালায় সদর উপজেলার সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মাঠপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী ও বণিক সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও মতামতের ভিত্তিতে সদর উপজেলার কোর রোড নেটওয়ার্ক চূড়ান্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply