
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ডিক্রিরচর গুদারাঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক প্রবীণ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শখের বশে নদীতে গোসল করতে নেমে তিনি আর জীবিত ফিরে আসতে পারেননি। প্রতিবছরের মতো এবারও এই ঘাটে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি নাম।
স্থানীয় সূত্র জানায়, ডিক্রিরচর গুদারাঘাটটি দিন দিন এক সর্বনাশা মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। প্রতি বছরই এখানে গড়ে ৫ থেকে ৬ জন মানুষ গোসল করতে নেমে প্রাণ হারান। মূলত অসচেতনতা এবং নদীর গভীরতা না বুঝে সখের বশে গোসল করতে নামাই এই দুর্ঘটনার মূল কারণ।
এ বিষয়ে সচেতনতামূলক সংগঠন 'সতর্ক বাণী ডটকম'-এর পক্ষ থেকে প্রতিবছরই সাধারণ মানুষকে সতর্ক করা হয়। তবে চলতি বছর সচেতনতামূলক প্রচারণা কিছুটা দেরিতে শুরু হওয়ায় এর মাঝেই ঝরে গেল একটি তাজা প্রাণ।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও 'সতর্ক বাণী ডটকম'-এর পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে—আপনারা নিজের এবং আপনাদের সন্তানদের প্রতি বাড়তি খেয়াল রাখুন। সখের বশে কেউ যেন এই ঝুঁকিপূর্ণ ঘাটে গোসল করতে না নামে, সে বিষয়ে সন্তানদের এখনই সতর্ক করুন। একটি সামান্য অসচেতনতা যেন পুরো পরিবারের সারাজীবনের কান্নার কারণ না হয়।