নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি ও বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর আমাদের জীবনে আসে সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে। এ-ই আনন্দঘন মুহূর্তে তিনি নারায়ণগঞ্জ সহ দেশের সকল শ্রমিকদের শুভেচ্ছা জানান। শ্রমিকদের ঘাম ও নিরলস পরিশ্রমেই শিল্প-কারখানা সচল থাকে। অর্থনীতি এগিয়ে যায় এবং দেশের উন্নয়নের ভিত্তি আরও মজবুত হয়।
তিনি সকল উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও সেবাখাতে নিয়োজিত মানুষের প্রতিও শুভেচ্ছা জানান। তার মতে, শ্রমিক ও মালিকের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সর্বাত্মক সহযোগিতাই শিল্পের প্রকৃত শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় শিল্প ও বাণিজ্য খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতি পাবে দৃঢ় ভিত্তি।
তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান। এবং দেশের উন্নয়ন, শিল্পখাতের অগ্রগতি ও জনসেবামূলক কার্যক্রমে তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতের অগ্রগতি আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন- বিভিন্ন খাতের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের নিষ্ঠা, পেশাজীবীদের দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়। 'মেড ইন বাংলাদেশ' আজ বিশ্ব বাজারে আস্থা ও গৌরবের প্রতীক। এ অর্জন সবার সম্মিলিত প্রয়াসের ফল। শিল্পনগরী নারায়ণগঞ্জের উদ্যোক্তা ও শ্রমিকরা এ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন- আগামী দিনে কর্মসংস্থান সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ব্যবসায়ী সমাজ আরও সক্রিয় ভূমিকা রাখবে। এনসিসিআই ও বিকেএমইএ এর পক্ষে শিল্পখাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মোরশেদ সারোয়ার সোহেল গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- দেশের উন্নয়ন ও শিল্পখাতের অগ্রগতি তুলে ধরতে, তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বস্তুনিষ্ঠ কাজ আমাদের এগিয়ে চলার পথকে আরও শক্তিশালী করে।
তিনি আহ্বান জানান- ঈদের আনন্দ যেনো সবাই মিলে-মিশে ভাগ করে নেয়। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং ঈদ যাত্রায় সড়কে সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।